অ্যামাজনকে ৬১.৭ মিলিয়ন ডলারের জরিমানা

৩ ফেব্রুয়ারি, ২০২১ ০২:৫৩  
ফ্লেক্স ডেলিভারি চালকদের বখশিশ টিপস সঠিকভাবে পরিশোধ না করায় ৬১ দশমিক ৭ মিলিয়ন ডলার জরিমান গুনতে হচ্ছে অ্যামাজনকে। ফেডারেল ট্রেড কমিশন (এফটিসি) সোমবার এই ঘোষণা দিয়েছে। ২০১৬ সালের শেষের দিকে কোম্পানির পেমেন্ট সেবায় পরিবর্তনের জের ধরে এই জরিমানা করা হয়েছে। সেই সময়ে অ্যামাজন জানায়, যেসব ফ্লেক্স ড্রাইভার নিজেদের গাড়ি ব্যবহার করে প্যাকেজ ও গ্রোসারি ডেলিভারি করবেন তারা ঘন্টায় ১৮ থেকে ২৫ ডলার পর্যন্ত আয় করতে পারবেন, একইসাথে তাদের কাজের জন্য বখশিশ প্রদান করা হবে। একই বছরে কোম্পানিটি নতুন পেমেন্ট পলিসি চালু করে। এফটিসি জানিয়েছে ঐ পলিসি চালকদের কাছে সঠিকভাবে তুলে ধরা হয়নি, যেখানে দেখা গেছে অ্যামাজন ফ্লেক্স চালকদের ঘন্টায় কম হারে পরিশোধ করেছে। সংস্থাটি জানিয়েছে, অ্যামাজন শুধু ইচ্ছাকৃতভাবে তাদের নীতিমালা পরিবর্তনের বিষয়টি জানায়নি এমন নয় তারা বিষয়টি সম্পর্কে অন্ধকারে রাখার চেষ্টা করেছে ও চালকদের আয় করা বখশিশ ব্যবহার করেছে। পলিসি পরিবর্তন করলেও পুরো সময় জুড়ে ঘন্টায় ১৮ থেকে ২৫ ডলার আয়ের লোভনীয় বিজ্ঞাপন প্রকাশ করেছে অ্যামাজন। ২০১৯ সালে এফটিসি তদন্ত শুরু করলে বিষয়টি টের পেয়ে আগের পেমেন্ট মডেলে ফিরে যায় অ্যামাজন। অ্যামাজন থেকে প্রাপ্ত জরিমানা ভুক্তভোগী চালকদেরকে প্রদান করা হবে বলে জানিয়েছে এফটিসি। ডিবিটেক/বিএমটি